ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, এশিয়া জুড়ে সুনামি সতর্কতা

ফিলিপাইনে আঘাত হেনেছে একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প। এতে বহু ভবন ধসে পড়েছে এবং এশিয়ার বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূত্বাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল পৌনে ৮টার ঠিক কিছু আগে (গ্রিনিচ মান সময় রবিবার রাত ২৩:৪০ মিনিট) ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলে এই ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৮।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি বিভিন্ন চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মিন্দানাও-এর জেনারেল সান্তোস সিটিতে একটি নামী রেস্তোরাঁ ‘জলিবি’র তিন তলা ভবনটি হুড়মুড় করে ধসে পড়ছে। চোখের পলকে পুরো এলাকা ধুলো ও ধ্বংসস্তূপে পরিণত হতে দেখে প্রত্যক্ষদর্শীরা আতঙ্কিত হয়ে পড়েন। অন্যান্য ছবিতেও বিভিন্ন ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি, জানালার কাচ ভেঙে পড়া এবং ছাদ ধসে পড়ার দৃশ্য দেখা গেছে।

সোমবার সকালে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জানিয়েছেন, ‘অফিস অব সিভিল ডিফেন্স’ এবং ‘ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিল’সহ সব জরুরি সংস্থাকে ইতিমধ্যে সক্রিয় করা হয়েছে।

একই সঙ্গে প্রেসিডেন্ট মার্কোস বিপজ্জনক সুনামি তরঙ্গের ঝুঁকি সম্পর্কে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য নাগরিকদের জরুরি আহ্বান জানিয়েছেন। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আক্রান্ত প্রদেশের ভাই-বোনেরা, দয়া করে সুনামির সতর্কবার্তা শুনুন। এখনই উঁচু স্থানে চলে যান। দেরি করবেন না। পেছনে ফেলে যাওয়া যেকোনো কিছুর চেয়ে আপনার জীবন অনেক বেশি মূল্যবান।’

প্রেসিডেন্ট আরও জানান, উদ্ভূত পরিস্থিতির কারণে মিন্দানাও-এর বেশ কয়েকটি প্রদেশে সোমবারের জন্য সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ‘প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার’ প্রথমে জানিয়েছিল, সুনামির কারণে ফিলিপাইনের উপকূলীয় এলাকায় ৩ মিটার (৯.৮ ফুট) পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু অংশে ১ মিটার (৩.৩ ফুট) পর্যন্ত ঢেউয়ের আশঙ্কা রয়েছে। অবশ্য মার্কিন ‘ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার’ পরে ভূমিকম্পের মাত্রা আগের অনুমিত ৮.২ থেকে কমিয়ে ৭.৮ নির্ধারণ করে এবং জানায় যে, এই ভূমিকম্পের কারণে যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় কোনো বিপদের আশঙ্কা নেই।

ইতিমধ্যে ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপানের সরকারি কর্মকর্তারা সম্ভাব্য বিপজ্জনক ঢেউয়ের বিষয়ে সতর্কতা জারি করেছেন এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলকস) জানিয়েছে, সারঙ্গানি, দাভাও অক্সিডেন্টাল, তাউই-তাউই এবং সুলুসহ মোট ৯টি প্রদেশের উপকূলীয় এলাকার মানুষকে অবিলম্বে উঁচু স্থানে বা ভেতরের দিকের নিরাপদ এলাকায় চলে যেতে হবে।

সংস্থাটি এক নির্দেশনায় বলেছে, ‘উল্লিখিত প্রদেশগুলোর বন্দর, মোহনা বা অগভীর উপকূলীয় পানিতে থাকা নৌকার মালিকদের উচিত তাদের নৌকাগুলো নিরাপদ জায়গায় বেঁধে রাখা এবং পানির কিনারা থেকে দূরে সরে যাওয়া। আর যেসব নৌকা ইতিমধ্যে সাগরে অবস্থান করছে, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সেগুলোকে গভীর সাগরেই অবস্থান করতে বলা হচ্ছে।’

সূত্র: আল-জাজিরা