মধ্যপ্রাচ্যের ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে। আজ সোমবার (৮ জুন) সকালে এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই প্রথম ইসরায়েলকে লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান। এই ঘটনার পর আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ২.৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫.৫০ ডলারে (৭১.৬০ পাউন্ড) পৌঁছায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের (ইউএস ক্রুড) দাম ২.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯২.৭৫ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, গত এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর এই যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব কতটুকু পড়বে, তা নিয়ে ব্যবসায়ীদের চুলচেরা বিশ্লেষণের কারণে গত এক সপ্তাহ ধরে তেলের দাম ৯৫ ডলারের কাছাকাছি ঘুরপাক খাচ্ছিল। তবে রবিবারের (৭ জুন) এই আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার পর বাজারজুড়ে নতুন করে অস্থিরতা ও সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: বিবিসি