নতুন শর্তে খুলছে হরমুজ প্রণালি: ইরান

হরমুজ প্রণালি খোলা থাকবে, তবে সেখানে চলাচলের জন্য নতুন কিছু শর্ত আরোপ করা হবে এবং জাহাজগুলোকে ট্রানজিট ফি দিতে হবে বলে জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি।

রুশ সংবাদপত্র ইজভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জালালি বলেন, হরমুজ প্রণালি পরিচালনা ও নিরাপত্তা-সংক্রান্ত সেবা ইরান ও ওমান যৌথভাবে দিয়ে থাকে। এসব সেবার জন্য ভবিষ্যতে ফি নেওয়া হবে। তবে ফি কীভাবে নির্ধারণ করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, স্থায়ী শান্তিচুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজের ধরন, বহন করা পণ্য এবং পরিস্থিতি অনুযায়ী ফি আদায়ের অধিকার তাদের থাকা উচিত।

তবে এ অবস্থানের তীব্র বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এর আগে ওমানকে এ ধরনের উদ্যোগে ইরানের সঙ্গে না জড়ানোর সতর্কবার্তা দিয়েছিল।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধের আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবাহিত হতো। তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের কারণে সাম্প্রতিক সময়ে এ পথ দিয়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে।

এদিকে সোমবার ইসরায়েল জানিয়েছে, তারা পশ্চিম ও মধ্য ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। একই দিনে জাপান জানায়, মে মাসে জাপান-সংশ্লিষ্ট একটি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করলেও কোনো ফি পরিশোধ করতে হয়নি।