মার্কিন সুদের হার বাড়ার আশঙ্কা জোরদার হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও সুদের হার নিয়ে উদ্বেগ বাড়ছে, যা স্বর্ণবাজারে চাপ তৈরি করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৮ জুন) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩২১ দশমিক ৪৯ ডলারে নেমে আসে। এর আগে শুক্রবার প্রায় ৩ শতাংশ দরপতনে স্বর্ণের দাম ২৪ মার্চের পর সর্বনিম্নে পৌঁছায়।
বিশ্লেষকদের মতে, শক্তিশালী মার্কিন কর্মসংস্থান প্রতিবেদনের পর সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশাই স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করেছে। একই দিনে আগস্ট ডেলিভারির স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ৩৪৫ দশমিক ৬০ ডলারে দাঁড়ায়।
অন্যদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি বেড়েছে, যা মূল্যস্ফীতির ঝুঁকি আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজন হলে সুদের হার সমন্বয়ের সুযোগ রয়েছে।
এদিকে চীনের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে টানা ১৯তম মাসে দেশটির স্বর্ণের রিজার্ভ বেড়েছে। একই সময়ে ভারতে চাহিদা কমেছে এবং চীনে স্বর্ণের প্রিমিয়ামও হ্রাস পেয়েছে।