পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের ডুবে সাদিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সাদিয়ার বয়স ১৪ মাস ও বামনগাঁও গ্রামের রাহাত আলীর মেয়ে।

পরিবার ও স্থানীয়রা জানায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশু সাদিয়া ঘরের বাহিরে চলে আসে। পরে বাড়ির পাশে একটি পুকুরে পাড়ে চলে যায়। প্রতিবেশী সালমা শিশুটিকে উঠোনে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের জানালে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরের পানিতে শিশু সাদিয়াকে ভাসতে দেখে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. তানজিনা আক্তার সেতু পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) সজল সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।

গত মে মাসে এ জেলায় পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।