চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার (৮ জুন) বিরল এক সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। ২০১৯ সালের পর এটিই দেশটিতে তার প্রথম সফর। সফরে তিনি বেইজিং ও পিয়ংইয়ংয়ের মধ্যকার সম্পর্ককে ‘অজেয় ও অটুট বন্ধুত্ব’ হিসেবে উল্লেখ করেছেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত এক নিবন্ধে শি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব অটুট থাকবে।
বিমানবন্দরে শিকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। সেখানে দুই দেশের জাতীয় পতাকা ও ‘অটুট বন্ধুত্ব’ উল্লেখ করে স্বাগত ব্যানার টানানো হয়।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার পরমাণু আলোচনা দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকায় এবং রাশিয়ার সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার প্রেক্ষাপটে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে।
সম্প্রতি চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা হলেও কিম জং উনের বোন কিম ইয়ো জং স্পষ্টভাবে জানিয়েছেন, দেশটির পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার কোনো সুযোগ নেই। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং উত্তর কোরিয়ার ওপর চীনের প্রভাব ধরে রাখাই শি জিনপিংয়ের এই সফরের অন্যতম লক্ষ্য।