রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ শ্রমিকদের

রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। নাসা গ্রুপ গার্মেন্টসের প্রায় ৫০০ শ্রমিক-কর্মচারী বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলন করছে। এতে মহাখালী-তেজগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টায় তারা সড়ক বন্ধ করে অবস্থান নেয়। এদিকে গুলশান ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায়, আনুমানিক ৫০০ জন শ্রমিক কিছুক্ষণ পূর্বে মহাখালী-তেজগাঁও প্রধান সড়কে অবস্থান নেওয়ায় ইনকামিং ও আউটগোয়িং উভয়মুখী যান চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। সড়ক ব্যবহারকারীদের বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যে যাতায়াতের অনুরোধ জানানো যাচ্ছে।