বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিপু মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (৮ জুন) উপজেলার বীর বড়বাড়ীয়া গামার বিলে মজিবর রহমানের সেচ পাম্প এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নিপু মিয়া (৩৫) উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া পূর্বপাড়া গ্রামের উসমান আলীর ছেলে

স্থানীয় জানায়, রবিবার (৭ জুন) দিবাগত রাতে বড়বাড়িয়া এলাকার গামারা বিলে বোরো মৌসুমে ব্যবহৃত একটি সেচ পাম্পের পিডিবির এসটি খুঁটির বৈদ্যুতিক তার চুরি করতে যান তিনি। এ সময় সার্ভিস তারে জড়িয়ে পড়ে সেখানেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা নিপুকে মাটিতে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে থাকতে দেখে সরিষাবাড়ী থানা খবর দেয়। পরে সরিষাবাড়ী থানা পুলিশ মরদেহটি থানায় নিয়ে আসে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, নিপু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।