কুমিল্লার মুরাদনগরে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাসেল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালের দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের স্বর্ণকারপাড়া এ ঘটনা ঘটে।
মৃত রাসেল মিয়া (৪৬) সুনামগঞ্জ সদরের কোনাগাঁও গ্রামের আবু সাদেকের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, রবিবার দিবাগত রাতের কোন এক সময় ট্রান্সফরমার চুরির চেষ্টা করে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে এ সময় বিদ্যুতায়িত হয়ে খুঁটির নিচে পড়ে যায় ওই যুবক। সোমবার সকালে এলাকাবাসী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে ওই মরদেহ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে যায়।
ময়নাতদন্তের জন্য মঙ্গলবার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।