সাভারে অবৈধ লাইনে গ্যাস চুরি, তিতাসের অভিযান

সাভারে চামড়া শিল্প নগরীতে গ্যাস চুরির ঘটনায় একটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাসের আঞ্চলিক ভিজিল্যান্স টিম। চোরাই বাইপাস লাইন করে বৈধ সংযোগের আড়ালে অবৈধভাবে বাইপাস গ্যাস লাইন ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটি কোটি টাকা মূল্যের গ্যাস চুরি করে আসছিল বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

অভিযানে নেতৃত্ব দেন তিতাসের গাজীপুর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের ব্যবস্থাপক মো. আব্দুল আলীম রাসেল।

দীর্ঘ অনুসন্ধান শেষে সোমবার (৮ জুন) সকাল ১০ টায় হাইটেক ট্যানারি নামক প্রতিষ্ঠানে অভিযান শুরুর পর অবৈধ চোরাই বাইপাস লাইন শনাক্ত হয়।

অভিযান পরিচালনার একপর্যায়ে দেখা যায় প্রস্তাবিত নতুন বৈধ শিল্প সংযোগের আড়ালে অবৈধ বাইপাস গ্যাস লাইনটি চালাচ্ছে প্রতিষ্ঠানটি। বাইপাস গ্যাস লাইনটি ভূগর্ভস্থ আরসিসি ঢালাইয়ের নিচ থেকে অবৈধ সংযোগ নেয়া হয়।

যোগাযোগ করা হলে কারখানার স্বত্বাধিকারী মুজাফফর হোসেন এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি।

ভিজিল্যান্স শাখার কারিগরি টিমের ব্যবস্থাপক মো. আব্দুল আলিম রাসেল জানান, এ ঘটনায় শিল্প মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিতাসের ভিজিল্যান্স শাখার কারিগরি টিমের সহযোগী প্রকৌশলী আহসান হাবিব জানান, দীর্ঘ এক ঘন্টা ধরে অভিযান পরিচালনা করা হয়।
অবৈধ সংযোগ নিয়ে কারখানাটিতে বয়লারসহ বিভিন্ন ড্রায়ার, লেদার স্প্রে প্রিন্টিং মেশিন ব্যবহার করা হতো‌। বৈধ গ্যাস লাইনের আড়ালে রাইজারের গোড়ার প্রায় চার ফুট গভীরে আরসিসি ঢালাইয়ের নিচ থেকে বিভিন্ন সাইজের জিআই ও এমএস পাইপ দিয়ে সংযোগ স্থাপনের মাধ্যমেই বাইপাস করে গ্যাস ব্যবহার করা হতো এই চামড়া প্রক্রিয়াজাত কারখানায়। এর মাধ্যমে প্রতি মাসে আনুমানিক ১৫ লাখ টাকার গ্যাস চুরি হতো বলে জানান তিনি।

অভিযান শেষে বলা হয়, নিয়মানুযায়ী বিল- জরিমানা নির্ধারণ করা হবে। অবৈধ উপায়ে গ্যাস ব্যবহারে কঠোর হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়, গ্যাসের সিস্টেম-লস কাঙ্খিত সীমায় না পৌঁছানো পর্যন্ত এই অভিযান অব্যাহত রাখা হবে।