রাজধানীর মৌচাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার (৫৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রমনা থানার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে রাজধানীর মৌচাক আনারকলি মার্কেটের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের ঘটনার পর পরই এক জরুরি সিদ্ধান্তে যুবদলের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে। এ প্রেক্ষিতে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে যুবদলের রমনা থানার বর্তমান আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে যুবদলের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়। দলের শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।