ইরান খুব ভালো একটি চুক্তি করতে চায়: ট্রাম্প

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জানিয়েছেন মধ্যপ্রাচ্যকে ঘিরে অচলাবস্থার অবসানে দুই দেশের সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে মতবিনিময় অব্যাহত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা এখন আলোচনা করছি এবং তারা (ইরান) একটি খুব ভালো চুক্তি করতে চায়। তারা আমাদের সবকিছু দিতে রাজি আছে, তারা আমাদের কোনো পরমাণু অস্ত্র না রাখার প্রতিশ্রুতি দিতেও রাজি আছে।’ 

ট্রাম্প আভাস দিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘চূড়ান্ত বিজয়’ ঘোষণা করতে যাচ্ছে।

সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহামের পক্ষে আয়োজিত এক সমাবেশে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে ট্রাম্প এ আভাস দেন। লিন্ডসে গ্রাহাম মঙ্গলবারের প্রাইমারি ভোটে (দলীয় বাছাই) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি মনে করি, আমরা এই লড়াইয়ে জয়ী হচ্ছি। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে আপনারা সত্যিই জিততে যাচ্ছেন, যখন আমরা চূড়ান্ত বিজয় ঘোষণা করব। এটি একটি পরিপূর্ণ বা চূড়ান্ত বিজয় হবে, এটি খুব শিগগিরই ঘটবে। আর তখন তেলের দাম হুড়মুড় করে কমে যাবে।’

অবশ্য ‘দুই সপ্তাহের’ মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতির এ ধরনের প্রতিশ্রুতি ট্রাম্প এবারই প্রথম দেননি। গত ৮ এপ্রিল ইরানের সঙ্গে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, তা প্রাথমিকভাবে দুই সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল। আর ওই সময়ের মধ্যে যুদ্ধ অবসানে উভয় পক্ষের একটি চুক্তি চূড়ান্ত করার কথা ছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দুই দেশের মধ্যে মতবিনিময় অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। সোমবার আফগানিস্তান নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠক শেষে আমির সাইদ এ কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য দিয়েছে।

আমির সাইদ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানের মাধ্যমে ‘চূড়ান্ত একটি খসড়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর জন্য নিজেদের দৃষ্টিভঙ্গি ও মতামত উপস্থাপন এবং বিনিময় করছে’। ইরানি দূত আরও বলেন, দুই দেশ ‘এখনো চুক্তির চূড়ান্ত খসড়ার বিষয়ে মতৈক্যে পৌঁছাতে পারেনি, তবে আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।’