২০২৭ সালের হজ নিবন্ধন শেষ সেপ্টেম্বরে

২০২৭ সালের (হিজরি ১৪৪৮) পবিত্র হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের নিবন্ধন। গত রবিবার মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে রোডম্যাপ প্রকাশ করা হয়।

এর আগে গত ২৯ মে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় সৌদি আরবের জেদ্দায় একটি অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণার পর বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের কাছে হস্তান্তর করা হয়। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) কাছে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।

মন্ত্রণালয়ের রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম এবং ৮ নভেম্বর স্বাক্ষরিত হবে দ্বিপাক্ষিক হজ চুক্তি। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে শুরু হবে ভিসা এবং প্রথম হজ ফ্লাইট ৮ এপ্রিল। চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ) হজ অনুষ্ঠিত হবে। সৌদি প্রান্তের খরচের অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে সরাসরি স্থানান্তর কার্যক্রম চলবে চলতি বছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। নুসুক মাসারের মাধ্যমে সামগ্রিক সেবা প্যাকেজ (তাবু, সার্ভিস প্যাকেজ, মক্কা ও মদিনায় হোটেল, ক্যাটারিং ও পরিবহন সেবা) নেওয়ার চুক্তি স্বাক্ষর শুরু হবে আগামী ২৯ জুলাই। শেষ হবে আগামী বছরের ২৩ জানুয়ারি। হজযাত্রীদের ডেটা নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে আগামী ১৪ আগস্ট থেকে ২৮ জানুয়ারির মধ্যে। হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর ও নুসুক মাসারে ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে চলতি বছরের ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে।