সৌদিতে এক সপ্তাহে ৭৭৬০ অবৈধ বাসিন্দা গ্রেপ্তার

এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ জন অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট জানিয়েছে, ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে চালানো বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৬০ জন আবাসন আইনলঙ্ঘন করেছেন। পাশাপাশি, আরও ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ১২৬ জন শ্রম আইন অমান্য করেছেন। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ১৮৪ জন। তাদের মধ্যে ৭০ শতাংশ ইথিওপিয়ার ও ২৮ শতাংশ ইয়েমেনের নাগরিক। বাকি ২ শতাংশ অন্য দেশের নাগরিক। অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় গ্রেপ্তার হন ২৫ জন। সৌদি আরব থেকে এরই মধ্যে ৪ হাজার ৬৯০ জন অবৈধ বাসিন্দাকে বহিষ্কার করা হয়েছে।

ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৪ হাজার ৪৯৫ জনকে তাদের নিজ নিজ দেশের দূতাবাসের কাছে পাঠানো হয়েছে। আর ফ্লাইটের টিকিট চূড়ান্ত হওয়ার অপেক্ষায় আছেন আরও ৮৫০ জন। বর্তমানে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ, ১ হাজার ৩১৯ জন নারীসহ মোট ২১ হাজার ৭৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অবৈধ প্রবাসীদের পরিবহনসুবিধা, আশ্রয় ও কাজ দেওয়ার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।