ইনিংস শুরুতে নেমে দলকে পথ দেখালেন জাকির হাসান। চমৎকার ব্যাটিংয়ে উপহার দিলেন সেঞ্চুরি। সঙ্গে ইফতেখার হোসেনের পঞ্চাশোর্ধ্ব ইনিংস ও অন্যদের অবদানে বড় সংগ্রহ গড়ল বাংলাদেশ ইমার্জিং দল। রান তাড়ায় তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন ওয়েসলি মাধেভেরেও। কিন্তু বাকিদের ব্যর্থতায় লক্ষ্যের ধারেকাছেও যেতে পারল না জিম্বাবুয়ে ‘এ’ দল।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে গতকাল সোমবার ৮৫ রানের বড় জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। ৩৬৪ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ২৭৯ রানে গুটিয়ে দিয়েছে তারা।
স্বাগতিকদের জয়ের নায়ক জাকির পাঁচটি ছক্কা ও ৯টি চারে ৯৭ বলে ১১৯ রান করেন। তিনে নেমে ৭০ রান করতে তিনটি ছক্কা ও ছয়টি চার মারেন ইফতেখার। এ ছাড়া ত্রিশোর্ধ্ব রান করেন অমিত হাসান, ইয়াসির আলি চৌধুরী ও সামিউন বাশির।
ওপেনার ম্যাথিউ ক্যাম্পবেলের এক ছক্কা ও পাঁচটি চারে ৫২ রানের ইনিংসের পর জিম্বাবুয়েকে টানেন মাধেভেরে। ছয়ে নেমে তিনটি ছক্কা ও ১৩টি চারে ১১৬ রান করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বিফলে গেল তার সেঞ্চুরি। পেসার রোহানাত উদ দ্দৌলা বর্ষণ ও বাঁহাতি স্পিনার সামিউন তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট প্রাপ্তি রহস্য স্পিনার আলিস আল ইসলামের।