মেসিকে নিয়ে কোনো ‘ঝুঁকি’ নিতে চান না স্কালোনি

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আজ রাতে (মঙ্গলবার) আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আলাবামার অবার্নে অনুষ্ঠেয় এই ম্যাচে ফুটবল জাদুকর লিওনেল মেসি মাঠে নামবেন বলে নিশ্চিত করেছেন আলবিসেলেস্তেদের হেড কোচ লিওনেল স্কালোনি। তবে মহোৎসবের আগে অধিনায়ককে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।

সোমবার এক সংবাদ সম্মেলনে কোচ স্কালোনি বলেন,"মেসি আইসল্যান্ডের বিপক্ষে খেলবে, তবে সে ঠিক কত মিনিট মাঠে থাকবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। অনুশীলনের পর আমি ওর সাথে কথা বলব। বিশ্বকাপের আগে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে যতটুকু প্রয়োজন, তাকে ততটুকুই খেলানো হবে। তবে নীতিগতভাবে সে খেলছে।"

এর আগে গত ৬ জুন টেক্সাসে অনুষ্ঠিত হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচটিতে বেঞ্চে থাকলেও মাঠে নামেননি ইন্টার মায়ামি অধিনায়ক। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগতে থাকা মেসিকে সে ম্যাচে কেবল গা-গরম করতেই দেখা গিয়েছিল। মেজর লিগ সকার বিরতিতে যাওয়ার আগে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মায়ামির শেষ ম্যাচে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি বোধ করায় ৭৩ মিনিটে মাঠ ছেড়েছিলেন তিনি। পরে ক্লাবের পক্ষ থেকে পেশির ক্লান্তির কথা জানানো হয়। ৫ জুন থেকে দলের সাথে আংশিক অনুশীলন শুরু করা মেসিকে প্রতিদিন পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

স্কোয়াডের চোট ও ফিটনেস আপডেট

বিশ্বকাপের আগে ফুটবলারদের ওপর বাড়তি চাপ না দিয়ে সবার খেলার সময় ভাগ করে দিতে চান স্কালোনি। চোট কাটিয়ে নিকো পাজ, নাহুয়েল মলিনা এবং গনসালো মন্তিয়েল আইসল্যান্ড ম্যাচে খেলার জন্য সম্পূর্ণ ফিট আছেন বলে জানিয়েছেন কোচ। এর আগে তারা দলের সাথে মূল অনুশীলনে ছিলেন না।

এ ছাড়া ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস ও মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসের চোট নিয়েও ইতিবাচক আপডেট দিয়েছেন বিশ্বকাপজয়ী এই মাস্টারমাইন্ড, "আলভারেসের গোড়ালির অস্বস্তি অনেকটাই কমে এসেছে, সে ভালো আছে। অন্যদিকে পারেদেসের উন্নতিও বেশ আশাব্যঞ্জক, আগামী কয়েক দিনের মধ্যে সে পুরোদমে দলের সাথে যোগ দিতে পারবে।"

বালের্দির বিকল্প খোঁজার চেষ্টা

কাফ মাসেলের (পেশি) চোটের কারণে মার্শেই ডিফেন্ডার লিওনার্দো বালের্দি ইতিমধ্যেই বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন। তবে তার পরিবর্তে ২৬ সদস্যের চূড়ান্ত দলে কাকে নেওয়া হবে, তা এখনো ঘোষণা করেননি স্কালোনি। আজ আইসল্যান্ড ম্যাচের পর চোটাক্রান্ত বাকি খেলোয়াড়দের শারীরিক অবস্থা বিবেচনা করে বালের্দির বিকল্প চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-তে আলবিসেলেস্তেদের অন্য দুই প্রতিপক্ষ হলো অস্ট্রিয়া ও জর্ডান।