চট্টগ্রামে মাদক ও অবৈধ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ১০

চট্টগ্রাম ও লাকসাম রেলওয়ে থানা এবং চট্টগ্রাম রেলওয়ে গোয়েন্দা শাখাসহ (ডিবি) বিজিবির অফিসার ও ফোর্সের যৌথ তৎপরতায় মাদক বিরোধী ও অবৈধ মালামাল উদ্ধার সংক্রান্তে গত একমাসে (৮ মে থেকে ৭ জুন) পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমানের দিক নির্দেশনায়, পুলিশ সুপার তহুরা জান্নাত, রেলওয়ে জেলা চট্টগ্রামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ওই  অভিযান পরিচালিত হয়।

অভিযানে সর্বমোট ৩০ হাজার ৩৮৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ অন্যান্য অবৈধ মালামাল উদ্ধার করা হয়। যার অবৈধ বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল উদ্ধার সংক্রান্তে ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় মামলা দায়ের হয়েছে ১১টি।