আজ জামায়াতের ‘ছায়া বাজেট’

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে জোট শরিক জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পর এবার ‘ছায়া বাজেট’ দিতে যাচ্ছে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী।

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই ছায়া বাজেট উপস্থাপন করা হবে বলে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, সংবাদ সম্মেলনে দলের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-সহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার জামায়াতের নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য-এর শরিক ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) পৃথকভাবে একটি ছায়া বাজেট উপস্থাপন করে। সেখানে দেশের অর্থনীতিকে ১২টি খাতে ভাগ করে মোট ৭১টি সুপারিশ তুলে ধরা হয়।

রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় বাজেট ঘোষণার আগে বিরোধী দলগুলোর এ ধরনের ছায়া বাজেট সরকারের অর্থনৈতিক নীতির বিকল্প দৃষ্টিভঙ্গি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।