মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এতে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলের আকাশ ঘন মেঘে আচ্ছন্ন এবং বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপকূলীয় এলাকার ওপর দিয়ে যেকোনো সময় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরসহ দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে এটি দেশের অন্যান্য অঞ্চলেও বিস্তার লাভ করতে পারে। ফলে দেশের বিভিন্ন বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।