সম্ভাব্য সামরিক হামলার আগে লেবাননের উপকূলীয় শহর টাইরের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (৯ জুন) জারি করা এই নির্দেশনায় প্রথমবারের মতো শহরটির খ্রিস্টান অধ্যুষিত এলাকাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে ইসরায়েলের জারি করা একাধিক সরিয়ে নেওয়ার নির্দেশনায় খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোকে বাদ রাখা হয়েছিল। তবে এবার ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই এলাকায় হিজবুল্লাহর যোদ্ধারা কার্যক্রম পরিচালনা করছে।
তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।
ইসরায়েলি সামরিক বাহিনী এর আগেও সতর্ক করে বলেছিল, যদি হিজবুল্লাহ সদস্যরা ওই এলাকায় অবস্থান অব্যাহত রাখে, তাহলে খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলগুলোও ভবিষ্যতে সরিয়ে নেওয়ার নির্দেশনার আওতায় আনা হতে পারে।
নতুন এই নির্দেশনার ফলে টাইর শহরের আরও বিস্তৃত এলাকাজুড়ে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে, কারণ সম্ভাব্য ইসরায়েলি হামলার আশঙ্কায় অনেক বাসিন্দা নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।