স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় আটক ২

‎রাজধানীর মৌচাকে ছুরিকাঘাতে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) মুন্সীগঞ্জ ও ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন মো. রিয়াজ ও আল আমিন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।

তিনি বলেন, বিল্লাল হত্যার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রিয়াজ ও আল আমিন নামের ওই দুজনকে মুন্সীগঞ্জ ও ঢাকা থেকে আটক করা হয়।

‎এর আগে সোমবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে একটি গলিতে বিল্লালকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌচাক এলাকায় একটি মারামারির ঘটনার সালিশি সমাধানকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করা হয়।

এ বিষয়ে বিল্লালের ভাগ্নে মো. মোবারক হোসেন আকাশ জানান, সোমবার সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে মোবারককে মারধর করে। এ ঘটনার পর মোবারক তার মামা স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদারকে ডেকে আনেন।

রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনার সালিশ বৈঠক হচ্ছিল। তখন কয়েকজনের সঙ্গে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বিল্লালের বুকে ছুরিকাঘাত করে তারা। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বিল্লাল।