আগামী ১৯ জুন ভারতজুড়ে মুক্তি পাচ্ছে চলতি বছরের অন্যতম আলোচিত ও ব্যয়বহুল বলিউড সিনেমা ‘ককটেল ২’। শহীদ কাপুর, কৃতি শ্যানন এবং রাশমিকা মন্দানা অভিনীত এই রোমান্টিক ছবিটি মুক্তির আগেই বড় ধরনের ব্যবসায়িক সাফল্যের মুখ দেখেছে।
২০১২ সালের সুপারহিট সিনেমা ‘ককটেল’-এর সিক্যুয়াল হিসেবে নির্মিত হয়েছে। মুম্বাইয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি ছবিটির ট্রেলার উন্মোচন করা হয়েছে। সেখানেই জানা গেছে যে, প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই ছবিটি তার মোট বাজেটের ৫০ শতাংশ অর্থ তুলে নিতে সক্ষম হয়েছে। হোমি আদাজানিয়ার পরিচালনায় এই ছবিটি এখন সিনেমা প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ‘ককটেল ২’ বর্তমান সময়ের সবচেয়ে বড় বাজেটের রোমান্টিক ছবিগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে। সিনেমাটির মোট বাজেট প্রায় ১৫০ কোটি রুপি, যার মধ্যে নির্মাণ ব্যয় হিসেবে ৯৫ কোটি রুপি খরচ হয়েছে। ছবির প্রধান তিন তারকা শহীদ, কৃতি ও রাশমিকার পারিশ্রমিক বাবদ ব্যয় করা হয়েছে ৩৫ কোটি রুপি এবং বাকি ২০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে প্রচার ও বিজ্ঞাপনের জন্য। ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান ম্যাডডক ফিল্মস ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম, টেলিভিশন ও মিউজিক স্বত্ব বিক্রির মাধ্যমেই ইতিমধ্যে ৭৫ কোটি রুপি আয় করে ফেলেছে।
প্রযোজক দিনেশ ভিজান ছবিটি আন্তর্জাতিক মানে এবং অত্যন্ত বড় পরিসরে নির্মাণ করেছেন। বিশ্বের বিভিন্ন নয়নাভিরাম লোকেশনে মাত্র ৭০ দিনে এই ছবির শুটিং সম্পন্ন হয়েছে। দর্শকদের বড় পর্দায় ভিন্নধর্মী ও দৃষ্টিনন্দন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে ছবিটির সিনেমাটোগ্রাফি, ফ্যাশন ও সংগীতে আধুনিকতার ছোঁয়া রাখা হয়েছে। প্রথম কিস্তির মতো এটিও একটি প্রেমের ত্রিভুজ কাহিনি হলেও এর উপস্থাপনা সম্পূর্ণ নতুন হবে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। তবে এবারের কাহিনির গভীরতা ও চরিত্রের বিন্যাস দর্শকদের কাছে আরও বেশি চমকপ্রদ হবে বলে আশা করা হচ্ছে।
ট্রেলার মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ গুজব ছড়িয়েছিল যে ছবিতে কৃতি স্যানন ও রাশমিকা মান্দানার মধ্যে সমকামী প্রেমের সম্পর্ক দেখানো হয়েছে। এই বিষয়ে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে কৃতি স্যানন মুখ খুলেছেন। তিনি বলেন, দুজন ছেলে একসাথে থাকলে তাকে বন্ধু ভাবা হলেও দুজন মেয়ে ভালো বন্ধু হলে সমাজ সেটা সহজে মানতে চায় না। পরিচালক হোমি আদাজানিয়াও বিষয়টি পরিষ্কার করে জানান যে, শুটিংয়ের সময় কৃতি ও রাশমিকার মধ্যে চমৎকার এক বন্ধুত্ব গড়ে উঠেছিল এবং তাঁদের পর্দার রসায়নও ছিল চমৎকার। তবে সমকামী প্রেমের ধারণাটি নিছক গুঞ্জন ছাড়া আর কিছু নয়।
পরিচালক হোমি আদাজানিয়া স্পষ্টভাবে জানিয়েছেন যে, আগের ‘ককটেল’ সিনেমার কাহিনির সঙ্গে এই সিক্যুয়ালের গল্পের কোনো সরাসরি মিল নেই। মূলত একটি সতেজ ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তরুণ জৈন ও লাভ রঞ্জন এই ছবির গল্প ও চিত্রনাট্য তৈরি। এই ছবিটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন।