রাজ্যসভা থেকে সরে দাঁড়ালেন কোয়েল!

শপথ গ্রহণের মাত্র দুই মাস পর হঠাৎ করেই বড় সিদ্ধান্ত নিলেন ‘টলিউড কুইন’ কোয়েল মল্লিক। গত ৬ এপ্রিল রাজ্যসভার সদস্য পদে শপথ নিয়ে সবাইকে যেভাবে চমকে দিয়েছেলেন, ঠিক তেমনি আকস্মিক পদত্যাগ করে রীতিমতো বিস্ময় সৃষ্টি করলেন এই তারকা। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মমতার পতনের পর পর তৃণমূলের প্রতি মমতা ত্যাগ করছেন সংসদ সদস্যদের অনেকে। জোট ভেঙে যোগ দিচ্ছেন অন্য জোটে। দলের দুঃসময়ে সেটি করতে নারাজ কোয়েল। বিদ্রোহী সদস্যদের দলে যোগের বদলে সম্মান নিয়ে রাজনীতি থেকেই গুটিয়ে নিচ্ছেন নিজেকে। 

গত ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনে প্রার্থিতালিকা ঘোষণা করে তৃণমূল। সেখানে পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী ছাড়াও নাম ছিল কোয়েল মল্লিকের। দিল্লি উড়ে গিয়ে রাজ্যসভার সংসদ সদস্য পদে শপথ নেন কোয়েল। মেয়ের এমন সিদ্ধান্তে রঞ্জিত মল্লিক বলেছিলেন, ‘কোয়েল বড় হয়েছে। বুঝদার মেয়ে। ওকে আলাদা করে বলার কিছু নেই। খুবই বুদ্ধি নিয়ে কাজ করে। এ ক্ষেত্রেও তেমনই করবে। বাবা হিসাবে যা যা বলার সেটুকু বলেছি। সৎ পথে থেকে ভালো কাজ করুক, এটাই চাওয়া।’ 

কোয়েলের রাজনীতিতে যোগদানের শুরু থেকেই ফিসফাস চলছিল। কেউ ভাবছিলেন পাঞ্জাবি পরিবারের বধূ কোয়েলকে রাজ্যসবায় নিয়ে ভবানীপুরে পঞ্জাবিদের ভোট ব্যাংক দখলের উদ্দেশ্য ছিল মমতার। কারও কারও মতে রিয়েল এস্টেট ব্যবসায় সুবিধা নিতে মমতার প্রস্তাব মেনে কোয়েলকে রাজ্যসভায় পাঠান তার স্বামী প্রযোজক নিসপাল সিং। যদিও সেসব নিয়ে তখনও কিছু বলেননি কোয়েল। এখনও মুখ খুলছেন না পদত্যাগ নিয়ে।