টেকনাফে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন আটক এবং ১টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) সকাল ৯ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার হতে ৩ জন ব্যক্তি ইঞ্জিনচালিত কাঠের নৌকাযোগে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে আনুমানিক ১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে জিন্নাখাল নামক এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর পরিকল্পনা ও নির্দেশনায় জিন্নাখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিকল্পনা মোতাবেক বিজিবি’র একটি আভিযানিক দল আনুমানিক ১০০০ ঘটিকা হতে উক্ত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।

পরে আনুমানিক সকাল ১১ টার দিকে মিয়ানমারের অভ্যন্তর হতে ১টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা নাফ নদী হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে নাফ নদীর কিনারায় পূর্ব থেকে কৌশলগত অবস্থানে থাকা বিজিবি’র বিশেষ টহল দল নৌকাটিকে আটক করে। উক্ত নৌকাটি তল্লাশি করে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ ঘটনায় মাদক পাচারের সাথে জড়িত ৩ জনকে আটকসহ ১টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও জব্দকৃত নৌকার আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা।

এব্যাপারে টেকনাফ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও সকল ধরনের অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।