তরুণ উদ্যোক্তাদের ঋণ সুবিধা নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

দেশে বেকারত্ব কমাতে ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সহজ শর্তে স্বল্প সুদের ঋণ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য রয়েছে মাত্র ৪ শতাংশ সুদের ঋণ সুবিধা।

মঙ্গলবার (৯ জুন) সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত ‘নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে।

এই তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। জামানত সাপেক্ষে ঋণের পরিমাণ সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত বাড়ানো যাবে।

স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ‘স্টার্টআপ ফান্ড’ নামে পৃথক ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন।

এ ছাড়া স্টার্টআপ খাতে ইক্যুইটি সহায়তা দেওয়ার জন্য ‘বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’ গঠন করা হয়েছে। স্টার্টআপ উদ্যোগগুলো এ প্রতিষ্ঠান থেকেও ইক্যুইটি সহায়তা নিতে পারবে।

শুধু ঋণই নয়, সম্ভাব্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। ‘স্কিল ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি) এর আওতায় বিভিন্ন জেলায় এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) প্রশিক্ষণ দেওয়া হয়।

এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে। বরং সফলভাবে প্রশিক্ষণ শেষ করলে উদ্যোক্তাদের ৫ হাজার টাকা ভাতা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে ঋণ পাওয়ার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হয়।

তরুণ উদ্যোক্তাদের বিনা সুদে ঋণ দেওয়ার কোনও প্রকল্প রয়েছে কিনা- এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কোনও বিনা সুদের ঋণ প্রকল্প চালু নেই। তবে সহজ শর্তে স্বল্প সুদে ঋণ বিতরণের জন্য কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব তহবিল থেকে বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম পরিচালনা করছে।