এমপি ফয়সলের পুত্রের উদ্যোগে জগদীশপুর-নোয়াপাড়া সড়ক সংস্কার শুরু

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর-নোয়াপাড়া সড়কের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অংশ সংস্কারের কাজ শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল-এর পুত্র সৈয়দ ইশতিয়াক আহমেদের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে আজ মঙ্গলবার (৯ জুন) থেকে এ কাজ শুরু করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। এতে প্রতিদিন শিক্ষার্থী, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

আজ মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল সড়কটির বেহাল অবস্থা পরিদর্শন করেন। পরে তিনি বিষয়টি সংসদ সদস্যের নজরে এনে দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার কথা জানান। 

জানা যায়, বিষয়টি অবহিত হওয়ার পর সংসদ সদস্যের পুত্র সৈয়দ ইশতিয়াক আহমেদ তার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক লিয়াকত হাসানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু হয়।

সড়ক সংস্কার কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির কারণে ভোগান্তি পোহাতে হচ্ছিল। দ্রুত উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী স্বস্তি পেয়েছে। তারা কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সংস্কার সম্পন্ন করার দাবি জানান।

স্থানীয়দের প্রত্যাশা, সংস্কার কাজ শেষ হলে জগদীশপুর, নোয়াপাড়া ও আশপাশের এলাকার হাজারো মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।