আবার মৌলিক গানের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন হাবিব ওয়াহিদ। এই শিল্পীর নতুন মৌলিক গানের শিরোনাম ‘প্রেমের কলঙ্ক’। এর কথা লিখেছেন চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার এস এ হক অলিক। দীর্ঘদিন পর হাবিবের জন্য নতুন কোনো গানের কথা লিখেছেন এই নির্মাতা।
তার লেখা ‘প্রেমের কলঙ্ক’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী হাবিব ওয়াহিদ নিজে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। শিগগিরই অনলাইনে গানটি প্রকাশ পাবে বলে গানের শিল্পী ও গীতিকবি জানিয়েছেন।
হাবিব বলেন, ‘পরপর ফোক ফিউশন প্রকাশের পর মনে হলো, এবার শ্রোতাদের জন্য আলাদা কিছু করা দরকার। সেই ভাবনা থেকে ‘প্রেমের কলঙ্ক’ শিরোনামে মৌলিক গানটি তৈরি করা। যদিও ধারাবাহিকভাবে মৌলিক গান তৈরি ও প্রকাশ করছি, তারপরও চেষ্টা থাকছে আগের চেয়ে অন্যরকম সুর ও সংগীতায়োজন তুলে ধরার। আশা করছি, কথা, সুর, সংগীতায়োজন, ভিডিও নির্মাণ– সব মিলিয়ে ‘প্রেমের কলঙ্ক’ অনেকের প্রত্যাশা পূরণ করবে।’