জামালপুর সীমান্তে আবারও পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। সোমবার (৮ জুন) দিবাগত মধ্যরাতে দেওয়ানগঞ্জের বাঘারচর সীমান্তের কুমারেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসী জানায়, গত কয়েকদিন থেকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে বিএসএফ।
গত রবিবার রাতে বাঘারচর ও পাথরের চর সীমান্তের কাছে কুমারেরচর এলাকা দিয়ে ভারতের বিএসএফ সার্চ লাইট বন্ধ করে দিয়ে ১৮ জনকে পুশইনের চেষ্টা চালায় কিন্তু জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। পুশইনের চেষ্টা করা হলে জামালপুর সীমান্তে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা লাঠিসোঠা নিয়ে বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নেয়। এতে করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই অঞ্চলে।
এর আগে শনিবার রাতে বড়াইবাড়ি সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও এলাকাবাসীর কঠোর অবস্থানের কারণে ব্যর্থ হয় বিএসএফ।
জামালপুর বিজিবি জানায়, কয়েকদিন থেকে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি পুশইনের সকল চেষ্টা ব্যর্থ করে দেয়।