জামালপুরে পুলিশের ভয়ে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক

জামালপুরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক যুবক। এ ঘটনায় অপর এক যুবককে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিখোঁজ ব্যক্তির নাম লিমন মিয়া (২৫)। তিনি জামালপুর সদর উপজেলার নয়াপাড়া গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার নুরুন্দি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীরে শফিকুল ইসলাম বাবু ও লিমন মিয়া কথা বলছিলেন। এ সময় পুলিশকে দেখতে পেয়ে তারা দুজনই আতঙ্কে নদে ঝাঁপ দেন। নদে প্রবল স্রোত থাকায় তাৎক্ষণিকভাবে তাদের দেখা যাচ্ছিল না।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ নৌকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম বাবুকে উদ্ধার করতে সক্ষম হলেও লিমন মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায়। তবে লিমন মিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে উদ্ধার অভিযান আপাতত স্থগিত করা হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, পানির নিচে ব্যাপক অনুসন্ধান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। তবে স্রোতের কারণে তাকে অন্যদিকে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।