দুই বান্ধবীর ‘গভীর আকর্ষণ’ মাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘর ছাড়ে

দুই বান্ধবীর একে অপরের প্রতি ‘গভীর আকর্ষণ’। কিন্তু পরিবার সেই সম্পর্কে বাদ সাধায় ঘটল এক অবিশ্বাস্য কাণ্ড! নিজের মাকে কোকের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে, ছোট বোন ও বান্ধবীকে নিয়ে ঘর ছাড়ল এক কিশোরী। 

এরপর মোহাম্মদপুরের এক ভাড়া বাসায় শুরু করল নতুন জীবন। তবে শেষ রক্ষা হয়নি; প্রযুক্তির সহায়তায় টানা তিন দিনের রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে তিন কিশোরীকেই উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২ জুন) এক ব্যক্তি পল্লবী থানায় হাজির হয়ে তার মেয়ে নিখোঁজ হওয়ার ডায়েরি (জিডি) করেন। 

তিনি জানান, তার মেয়ে গত সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে  তার বান্ধবী ও বান্ধবীর ছোট বোনকে নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। একই দিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায়ও অন্য কিশোরীর পরিবারের পক্ষ থেকে আরও দুটি নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনার পর থেকেই অনুসন্ধানে নামে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, উদ্ধার হওয়া দুই কিশোরী একাদশ শ্রেণির শিক্ষার্থী। কলেজ জীবন থেকেই তাদের মধ্যে একে অপরের প্রতি এক ধরনের গভীর আকর্ষণ তৈরি হয়। বিষয়টি দুই পরিবারই টের পেয়েছিল এবং তাদের এই মেলামেশা ও যোগাযোগে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল।

পরিবারের বাধা আসায় নিজেদের মতো করে থাকতে এক পরিকল্পনা করে এক কিশোরী। 

গত ১ জুন দুপুরে সে কৌশলে নিজের মাকে কোকের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ফেলে। মা ঘুমিয়ে পড়লে ঘরের নগদ টাকা, স্বর্ণালংকার এবং কাপড়-চোপড় ব্যাগভর্তি করে নেয় সে।

এরপর নিজের ১৩ বছর বয়সি ছোট বোনকে সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। পরবর্তী সময়ে বান্ধবীকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সেখানে আত্মগোপন করে।
 
তিনটি জিডির ওপর ভিত্তি করে পল্লবী থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির আধুনিক সহায়তায় নিখোঁজদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। শুক্রবার গভীর রাতে ঢাকা উদ্যানের সেই ভাড়া বাসায় অভিযান চালিয়ে তিনজনকেই উদ্ধার করা হয়।

পল্লবী থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত তিন কিশোরীকে আইনি প্রক্রিয়া শেষে এরইমধ্যে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।