ল্যাবএইডে ডেঙ্গু বিষয়ক একটি সচেতনতামূলক ও অত্যন্ত প্রাণবন্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “BEAT DENGUE: Awareness, Action and Prevention” শীর্ষক এ আয়োজনে সিনিয়র কনসালট্যান্ট, মেডিকেল অফিসার, নার্স এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। চলমান ডেঙ্গু পরিস্থিতিতে এটি একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ব্যাপক প্রশংসা অর্জন করে।
সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. সমীরণ কুমার সাহা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেমিনারের স্পীকার ডা. সুমন চন্দ্র রায়। প্রবন্ধ উপস্থাপনার পর অনুষ্ঠিত উন্মুক্ত ও অংশগ্রহণমূলক আলোচনা মতামত ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন ডা. শঙ্কর নারায়ণ দাস, ডা. মো. সায়েদুল ইসলাম এবং ডা. নূর মোহাম্মদ। তারা ডেঙ্গু প্রতিরোধ, রোগ নির্ণয় এবং চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে তাঁদের মূল্যবান অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন।
সেমিনারে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং রোগটির কার্যকর ক্লিনিক্যাল ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এর মাধ্যমে বর্তমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ মানের রোগীসেবা প্রদানে প্রতিষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে ল্যাবএইডের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) আহমদ দাউদ, FCA, FCMA, প্রবন্ধ উপস্থাপককে তার সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। একই সঙ্গে তিনি অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেমিনারে বক্তব্যে দাউদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে ল্যাবএইডের মূল লক্ষ্য হওয়া উচিত একটি মৃত্যুও যেন না ঘটে তা নিশ্চিত করা। তিনি সংশ্লিষ্ট সকলকে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, দ্রুত রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসা হস্তক্ষেপের মাধ্যমে ডেঙ্গুর বিরুদ্ধে সর্বাত্মক প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান, যাতে প্রতিটি রোগী সর্বোচ্চ মানের সেবা পেতে পারেন।
সেমিনারটি সঞ্চালনা করেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ সুভাষ চন্দ্র রায়।