ক্রেডিট কার্ড ব্যবহার কি হারাম? যা বললেন শায়খ আহমদুল্লাহ

দেশে ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। তাদের অনেকের মনেই প্রশ্ন জাগে, ক্রেডিট কার্ড ব্যবহার করা জায়েজ আছে কি? সম্প্রতি শায়খ আহমদুল্লাহ ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এ বিষয়ে শরিয়তের সমাধান জানান। 

শায়খ আহমদুল্লাহ বলেন, সাধারণত ক্রেডিট কার্ডগুলো সুদের ভিত্তিতে হয়ে থাকে। অর্থাৎ ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি যা কেনাকাটা করবেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি পরিশোধ না করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সুদ দিতে হবে। ইসলামি ব্যাংকগুলো যেটা করে সেটা হলো, আমরা সুদ নেব না, এটাকে তারা বিভিন্ন নামে সার্ভিস চার্জ হিসেবে বা বিভিন্নভাবে তারা কেটে থাকে। 

কিন্তু অনেকেই বলেন, পলিসি এমনভাবে করা আছে যে, আমার সেভিংস একাউন্ট থেকে অটোমেটিক আমার কেনাকাটার টাকা কেটে নিবে। অতএব সুদ দেওয়ার অপশনই নেই। এরকম হলে তিনি তো সুদ থেকে বেঁচে আছেন। 

কিন্তু যে এগ্রিমেন্ট হয় সেখানে তো লেখা থাকে যে, আমি যদি পরিশোধ না করি এবং নির্দিষ্ট টাইম পার হয় তাহলে আমাকে অতিরিক্ত পেমেন্ট করতে হবে। এটা আসলে সুদের চুক্তি। এজন্য এটা আসলে জায়েজ হয় না। এখন যদি কোনো ব্যাংক এরকম শরিয়তের সব শর্তগুলোকে মেনে কার্ড ইস্যু করতে পারে, সুদের ধারে কাছেও না থাকে, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু সেট সুদূর-পরাহত।