মানিকগঞ্জে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় আম গাছে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফয়সাল হোসেন (১৮) নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫ টার দিকে তাসনুভা ফিলিং স্টেশন চত্তরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল ভাটবাউর এলাকার মুন্নু মিয়ার ছেলে। সে ওই ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসএস পাইপের সাহায্যে পতাকা টাঙানোর সময় ঝোড়ো বাতাসের কারণে পাইপটি ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে যায়। এতে ফয়সাল তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গাছ থেকে নিচে পড়ে যান। পরে তাকে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।