লেবাননের দক্ষিণে ইসরায়েলি হামলায় নিহত ৮

দক্ষিণ লেবাননের ঐতিহাসিক বন্দরনগরী টাইরে মঙ্গলবার (৯ জুন) ইসরায়েলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে শান্তি প্রচেষ্টার মধ্যেই এ হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ইসরায়েল ও ইরান সরাসরি হামলা বন্ধে সম্মত হলেও তেহরান সতর্ক করে বলেছে, লেবাননে তাদের মিত্র হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকলে তারা আবারও প্রতিক্রিয়া জানাবে।

লেবাননে গত মার্চে সংঘর্ষ শুরুর পর টাইর শহরে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানা গেছে। ওই সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যুদ্ধে সমর্থন জানিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ শুরু করে।

হামলার আগে মঙ্গলবার টাইর শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েল। এরপর বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে শহর ত্যাগ করেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বয়স্কদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয় উদ্ধারকর্মীরা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শহরের পূর্বাঞ্চলে একটি হামলায় আটজন নিহত হন। রয়টার্সের যাচাই করা ভিডিওতে হামলার স্থানে সড়কজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ বন্ধে যে প্রচেষ্টা চলছে, তাতে নতুন জটিলতা তৈরি হয়েছে। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো শান্তি চুক্তির অন্যতম শর্ত হলো লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা।

তবে ইসরায়েল বলছে, লেবাননে তাদের অভিযান ইরান-সম্পর্কিত যুদ্ধবিরতি থেকে আলাদা বিষয় এবং হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে হিজবুল্লাহও সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে।

এছাড়া মঙ্গলবার উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তসংলগ্ন রামিম রিজ এলাকায় গোলাগুলির এক ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।