নড়াইলে পানিতে ডুবে আপন দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) মাত্র চার ঘণ্টার ব্যবধানে জেলার পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকার দিনমজুর মাজেদুল শেখের পাঁচ বছর বয়সী ছেলে আবুবক্কার ও দুই বছর বয়সী ছেলে ওমর ফারুক। অপরদিকে, নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর এলাকার বাপ্পী শেখের দেড় বছর বয়সী ছেলে আব্দুর রহমান।
পুলিশ, হাসপাতাল ও স্বজনদের সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামের বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় আবুবক্কার ও ওমর ফারুক। তাদের বাবা মাজেদুল শেখ সকালে কাজে ব্যস্ত ছিলেন। এদিকে শিশু দুটির মা ঘরে বিশ্রাম নেওয়ার সময় ঘুমিয়ে পড়েন। এ সুযোগে দুই শিশু খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
ঘুম থেকে উঠে সন্তানদের ঘরে না পেয়ে তাদের মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে দুই শিশুকে অচেতন অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চেষ্টা চালিয়ে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অপরদিকে, নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের শোলপুর গ্রামে পানিতে ডুবে আব্দুর রহমান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সিঙ্গাশোলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য শেখর বিশ্বাস জানান, পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি বাড়ির পাশের একটি পানিভর্তি গর্তে পড়ে যায়। তাকে খুঁজে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে গর্ত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত মোটরসাইকেলযোগে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার অলোক কুমার বাগচী জানান, সকাল সোয়া ১১টার দিকে প্রথমে দুটি শিশুকে হাপাতালে নিয়ে আসা হয়। শিশু দুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। আজ দুপুর ২টার দিকে আরো একটি শিশুকে নিয়ে আসা হয়। সেই শিশুটিও হাসপাতালে আসার বেশ আগেই মারা যায়।