ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মালিক’ সিনেমাটি এবার দেশের সীমানা পার করে অস্ট্রেলিয়ায় যাচ্ছে। আগামী ১৩ ও ১৪ জুন সেখানকার নিউ সাউথ ওয়েলসের ব্যাংকসটাউনে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত এ সিনেমার আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে বঙ্গজ ফিল্মস। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনী উপলক্ষে ইতোমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে।
বিশেষ এই প্রদর্শনীতে অংশ নিতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন আরিফিন শুভ। সিনেমাটিতে তাকে দেখা গেছে এক ভিন্নধর্মী চরিত্রে। অপরাধজগতের ক্ষমতার দ্বন্দ্ব ও আধিপত্যের লড়াইকে কেন্দ্র করে নির্মিত ‘মালিক’-এ শুভর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।
নির্মাতাদের প্রত্যাশা, দেশের দর্শকদের মতো প্রবাসী বাংলাদেশিরাও ‘মালিক’কে উষ্ণভাবে গ্রহণ করবেন। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলা সিনেমার বিস্তারেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।