টিজারেই ঝড় তুলল আলিয়ার ‘আলফা’

বার বার পিছিয়ে যাওয়া বলিউড তারকা আলিয়া ভাটের স্পাই অ্যাকশন থ্রিলার ‘আলফা’ মুক্তি পাচ্ছে কয়েকদিন পরেই। তার আগে বুধবার (১০ জুন) শিব রাওয়াল পরিচালিত বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘আলফা’র প্রথম টিজারে দেখা দিয়েছে ধামাকা। এতে চেনা ছকের বাইরে গিয়ে একেবারে বিধ্বংসী লুকে ধরা দিলেন আলিয়া। 

টিজার রিলিজের মাত্র এক ঘণ্টায় দুই লাখের বেশি মানুষ দেখেছেন। প্রায় দুই মিনিটের কাছাকাছি টিজারে ববি দেওলকে দেখা যায় আলিয়া ভাটকে পরামর্শ দিতে, যেন সে শত্রুর প্রতিরোধ নির্দ্বিধায় করতে পারে। আরও দেখা যায় ছোটবেলায় মেয়েকে একজন যোদ্ধা হিসেবে কঠোর প্রশিক্ষণ দিতে। 

যশ রাজ ফিল্মসের এই স্পাই ইউনিভার্সের সপ্তম সিনেমায় আলিয়াকে কোনো ‘অসহায় নারী’ নয়; বরং একজন প্রশিক্ষিত ও খুনে খুনে মেজাজের ঘাতক হিসেবে দেখা গেছে। টিজারে দুর্দান্ত সব অ্যাকশন সিকোয়েন্স, বন্দুকযুদ্ধ এবং খালি হাতে মারামারির দৃশ্যে কাঁপন ধরিয়েছেন তিনি। তবে সবচেয়ে বড় চমক ছিল ‘লর্ড ববি’ ওরফে ববি দেওলের এন্ট্রি। সিনেমাটিতে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করছেন তিনি, যা তাদের মধ্যকার এক জটিল ও আবেগঘন সম্পর্কের ইঙ্গিত দেয়। 

দুই নারী প্রধান চরিত্রের এ সিনেমায় আলিয়ার পাশাপাশি আছেন শর্বরী ওয়াঘ। তবে নির্মাতারা আপাতত শর্বরীর চরিত্রটি আড়ালেই রেখেছেন। এ ছাড়া সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুরকে। আবেগ, কৌতুক আর টানটান সাসপেন্সে ভরপুর এই সিনেমাটি যে বলিউডের অ্যাকশন ঘরানাকে নতুন রূপ দিতে যাচ্ছে, তা টিজার দেখেই স্পষ্ট!