সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু : প্রধানমন্ত্রী

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সরকার দ্রুত শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১০ জুন) বিকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল কালামের সরকারি শূন্য পদে নিয়োগ সংক্রান্ত এক সস্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য জানান।

তিনি বলেন, ‘‘এই মহান সংসদকে আমি এতটুকু জানাতে চাই যে সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে যেগুলো আরও গতিশীল করার জন্য, দেশের মানুষকে আরও সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে।”

তিনি আরও বলেন, ‘‘যত দ্রুত সম্ভব আমরা এই পোস্টগুলোতে (শূন্য পদ) নিয়োগ প্রক্রিয়া শুরু করবো ইনশাল্লাহ।”

পাবনা-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের অনুপস্থিতিতে তার তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব।

এ প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,  ‘‘সরকার ৫ লক্ষ সরকারি কর্মচারি নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারমধ্যে শুধুমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর ও সংস্থাসমূহে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮শ ৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।”