ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও টহল গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
বুধবার (১০) বিকেলে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এ সময় ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের কাজে বাধা দেয়। একপর্যায়ে তারা টহল দলের ওপর হামলা চালায় এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
হামলাকারীরা টহল গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ করেছে পুলিশ। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, হামলার ঘটনার পরপরই জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ১৯ জনকে আটক করা হয়েছে।
তবে আটকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি পুলিশ সুপার। তিনি বলেন, হামলার ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।