হাতিয়ায় আর্জেন্টাইন সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

নোয়াখালীর হাতিয়ায় বর্ণিল সাজে সজ্জিত হয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনা সমর্থকরা। এ সময় তারা আর্জেন্টিনার পতাকা উত্তোলন, রঙিন আলোকসজ্জা প্রদর্শন এবং সড়কে সড়কে নিজ দলের পক্ষে স্লোগান দেন। তাদের এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুই পাশে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

বুধবার (১০ জুন) বিকেলে উপজেলা সদর ওছখালী থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রায় ১৫ কিলোমিটার পথ অতিক্রম করে তমরদ্দি লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলা সদরের হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে কেক কেটে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। 

এ সময় অংশগ্রহণকারীদের সবার পরনে ছিল আর্জেন্টিনা দলের জার্সি। তাদের হাতে ছিল নিজ দলের পতাকা। পরে উপজেলা সদর ওছখালীর উত্তর পাশে হোটেল রেডসির সামনে থেকে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে সমর্থকেরা অংশগ্রহণ করেন।

এদিকে আর্জেন্টিনা সমর্থকদের এই শোভাযাত্রা দেখতে বিভিন্ন বাজার ও সড়কে মানুষের ভিড় জমে। অনেকেই হাততালি দিয়ে নিজ দলের সমর্থকদের উৎসাহ দেন। পরে তমরদ্দি লঞ্চঘাটে সংক্ষিপ্ত আলোচনা শেষে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে উপজেলা সদরে অ্যাডভোকেট সাদ্দাম হোসেনের চেম্বারে শোভাযাত্রা উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় শোভাযাত্রার রুট, গন্তব্য ও সমাপনী স্থান নির্ধারণ করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে সমর্থকদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, আব্দুল হালিম, সালমান ফারাবী, আরিয়ান ফরিদ, আহসান হাবিব রুবেলসহ আরও অনেকে।