নারী ও শিশু নির্যাতনের মামলায় হাইকোর্টে সুনির্দিষ্ট বেঞ্চ

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সুনির্দিষ্ট বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। 

বুধবার (১০ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে এ দ্বৈত বেঞ্চ গঠন করা হয়েছে। 

এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী রবিবার থেকে এই বেঞ্চে অগ্রাধিকার ভিত্তিতে শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশনের রেফারেন্স (ডেথ রেফারেন্স) এবং একই রায় (অধস্তন আদালতের রায়) হতে উদ্ভুত সকল ফৌজদারি আপিল ও জেল আপিল এবং উক্ত রায় হতে উদ্ভুত ফৌজদারি বিবিধ ও ফৌজদারি রিভিশন, রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবেন।’   

গত রবিবার রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যা মামলার রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডাদেশ দেয় ঢাকার একটি আদালত। ওই দিন রায়ের প্রতিক্রিয়া জানানোর সময় অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতির বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, মানুষের যে উদ্বেগ (উচ্চ আদালতে আপিল শুনানিতে বিলম্ব) তা উন্মুক্ত আদালতে (ওই দিন আপিল বিভাগে শুনানিকালে) প্রধান বিচারপতির নজরে এনেছি। প্রধান বিচারপতির কাছে অনুরোধ করেছি যে, মানুষের যে উদ্বেগ ও উৎকণ্ঠা, অত্যন্ত যৌক্তিক। এটা নিরসনের জন্য প্রধান বিচারপতির উদ্যোগী ও কার্যকর ভূমিকা রাখা উচিত।’ 

তিনি বলেন, ‘প্রধান বিচারপতি নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে এই জাতীয় মামলা, অর্থাৎ পল্লবীর শিশুসহ এই সমস্ত মামলাগুলো শুনানির জন্যে হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ উনি গঠন করবেন, যেটা আগামী রবিবার থেকে কার্যকর হবে।’ এর ধারাবাহিকতায় হাইকোর্টে সুনির্দিষ্ট বেঞ্চ গঠন করা হলো।