আজ পর্দা উঠতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের মহোৎসবের। আগামী শনিবার (১৩ জুন) মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) জয়ের মিশন শুরু করবে ব্রাজিল। কিন্তু সেই হাইভোল্টেজ ম্যাচের আগে সেলেসাও শিবিরে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম—নেইমার জুনিয়র। ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিসটাউনে দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন এই ব্রাজিলীয় তারকা।
এদিকে মাঠের বাইরে ইনজুরির মেঘ থাকলেও ব্রাজিলের অনুশীলন ক্যাম্পে ছিল কিছুটা উৎসবের আমেজ। দলের হেড কোচ কার্লো আনচেলত্তির ৬৭তম জন্মদিন উদযাপন করেছেন ভিনিসিয়ুস-রাফিনহার।
ব্রাজিলকে দীর্ঘ ২৪ বছরের খরা কাটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ এনে দেওয়ার গুরুদায়িত্ব এখন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তির কাঁধে। বুধবার অনুশীলনের ফাঁকে তাঁর ৬৭তম জন্মদিনটি বেশ মজাদার উপায়ে উদযাপন করেন ফুটবলাররা। ঐতিহ্যবাহী ‘গার্ড অব অনার’ (খেলোয়াড়দের দুই সারির মাঝখান দিয়ে হেঁটে যাওয়া) দেওয়া হয় কোচকে।
বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহা হাসতে হাসতে জানান, জন্মদিনের এই উদযাপনে কোচের ওপর তারা কিছুটা নরম ছিলেন। রাফিনহা বলেন, **“তিনি (আনচেলত্তি) লাইনের মাঝখান দিয়ে হেঁটে গেছেন, তবে প্রথাগত নিয়মের মতো কেউ তাকে আঘাত করেনি, সবাই আলতো করে ছুঁয়ে দিয়েছে।'
গত মে মাসের মাঝামাঝিতে ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় বাঁ পায়ের পেশিতে মারাত্মক চোট পান ৩৪ বছর বয়সী নেইমার। বর্তমানে তিনি নিবিড় পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন।
মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নেইমারের না খেলা একদম নিশ্চিত। তবে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ—হেইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে তিনি মাঠে ফিরতে পারবেন কিনা, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো পূর্বাভাস মেলেনি।
ব্রাজিলের সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞদের মূল্যায়ন
নেইমার না থাকলেও ব্রাজিলের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে দেশটির ফুটবল পণ্ডিতরা বেশ ইতিবাচক। ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি মিডফিল্ডার ও বর্তমানে ইএসপিএন বিশ্লেষক জিনহো বলেন, “ব্রাজিল এবার এককভাবে সবচেয়ে বড় ফেভারিট হয়তো নয়, তবে দলে এমন কিছু ভালো খেলোয়াড় আছে যারা একসঙ্গে জ্বলে উঠলে দুর্দান্ত এক দল হয়ে উঠতে পারে। আমি মনে করি ব্রাজিলের ভালো সুযোগ আছে।”
তবে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে আনচেলত্তির দলকে বেশ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
অন্য এক জনপ্রিয় রেডিও ধারাভাষ্যকার বেঞ্জামিন ব্যাক মনে করেন, আনচেলত্তি ব্রাজিলের চেনা আক্রমণাত্মক ধার ধরে রেখেই খেলবেন। তিনি বলেন, **“এটি একটি তরুণ দল, যাদের শারীরিক সক্ষমতা দারুণ এবং ডাগআউটে আছেন একজন বিশ্বসেরা কোচ। আমি ব্রাজিলকে ফেভারিটদের তালিকাতেই রাখব।”**
নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ব্রাজিলের প্রথম ম্যাচ। নেইমারকে ছাড়াই মরক্কো প্রাচীর ভাঙতে আনচেলত্তির শিষ্যরা কতটা প্রস্তুত, সেটাই এখন দেখার বিষয়।