শিল্পকলায় উকিল মুন্সীর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’ প্রদর্শনী আজ

মরমী সাধক উকিল মুন্সীর ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির সেমিনার রুমে আয়োজিত এ অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।

নির্মাণ প্রতিষ্ঠান ‘সিনেহাট’ ও ‘মোশন বাংলা’র আয়োজনে অনুষ্ঠানটির মূল আকর্ষণ বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত সাধক উকিল মুন্সীর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’। চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন গবেষক ও চলচ্চিত্র নির্মাতা অনার্য মুর্শিদ।

নেত্রকোণার বেতাই নদীর পাড়ের সাধক উকিল মুন্সী একাধারে মসজিদের ইমামতি করেছেন, আবার কৃষ্ণভজন ও মরমী গানও রচনা করেছেন। ‘আষাঢ় মাইস্যা ভাসা পানি’, ‘অপরাধী হইলেও আমি বন্ধু তর’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’এর মতো কালজয়ী গানের রচয়িতা উকিল মুন্সী।

প্রামাণ্যচিত্রটি উৎসর্গ করা হয়েছে এর তিনজন গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারীকে গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, উকিল মুন্সীর গানের প্রধান সংগ্রাহক আবু হান্নান এবং উকিল মুন্সীর পুত্রবধূ ফুলবানুকে। তারা তিনজনই প্রামাণ্যচিত্রটির চূড়ান্ত সম্পাদনার কাজ সম্পন্ন হওয়ার আগে পরলোক গমন করেন।

সুত্র: বাসস