এপস্টিন ইস্যুতে কংগ্রেসে সাক্ষ্য দিলেন বিল গেটস

প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটস বলেছেন, দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে সম্পর্ক রাখার সময় তিনি তার অপরাধের প্রকৃত ব্যাপকতা সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন না। বুধবার (১০ জুন) মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিয়ে নিজের দাতব্য কার্যক্রমের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই এপস্টাইনের সঙ্গে যোগাযোগ হয়েছিল বলে দাবি করেন তিনি।

গেটস জানান, এপস্টাইনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ড তিনি সরাসরি প্রত্যক্ষ করেননি। তবে ব্যক্তিগত জীবনের পরকীয়ার তথ্য ব্যবহার করে এপস্টাইন তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেন তিনি।

জেফরি এপস্টাইন ও তার সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলের মামলায় ফেডারেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তদন্ত করছে মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটি। সেই তদন্তের অংশ হিসেবেই গেটসের সাক্ষ্য গ্রহণ করা হয়।

মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথি অনুযায়ী, ২০০৮ সালে কারাভোগের পরও এপস্টাইনের সঙ্গে গেটসের একাধিকবার বৈঠক হয়েছিল। এসব বৈঠকে মূলত দাতব্য কর্মকাণ্ড সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে গেটস দাবি করেছেন। একই সঙ্গে তিনি স্বীকার করেন, এপস্টাইনের সঙ্গে সাক্ষাৎ করা ছিল ‘ভুল সিদ্ধান্ত’।

এদিকে এপস্টাইন-সংক্রান্ত নথি প্রকাশের পর রাজনীতি, ব্যবসা ও অর্থনীতির বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের তথ্য সামনে এসেছে। তাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও রয়েছে। তদন্তে এপস্টাইনের বিরুদ্ধে হওয়া মামলা, মৃত্যুর ঘটনা, মানবপাচার প্রতিরোধে ব্যর্থতা এবং সরকারি নথি প্রকাশে বিলম্বসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।