চীনের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে বুধবার (১১ মে) যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমার্স) থেকে চীনের দিক বরাবর রকেট নিক্ষেপ করেছে তাইওয়ানের সেনাবাহিনী।
এর আগে হিমার্সের পরীক্ষা চালানো হলেও এবারই প্রথম তাইওয়ান প্রণালির পানিতে সরাসরি রকেট ছোড়া হলো। স্বশাসিত তাইওয়ান ও চীনের মূল ভূখণ্ডের মাঝখানে অবস্থিত এই প্রণালিকে ঘিরে দুই পক্ষের উত্তেজনা দীর্ঘদিনের।
তাইওয়ানের সেনাসদস্য ওয়াং মিং-হুই বলেন, 'বর্তমান হুমকির প্রেক্ষাপটে তাইওয়ানের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দৃঢ় সংকল্প নিয়ে হিমার্সের প্রশিক্ষণ চালিয়ে যাব।'
সেনাবাহিনী জানিয়েছে, মহড়ায় স্বল্প-পাল্লার প্রশিক্ষণ রকেট ব্যবহার করা হয়েছে, যা উপকূল থেকে বেশি দূরে না গিয়ে সাগরে পতিত হয়।
তাইওয়ানের পশ্চিম উপকূলে, যা চীনের মুখোমুখি, দুই দিনের সামরিক মহড়ার দ্বিতীয় দিনে এই রকেট নিক্ষেপ করা হয়। মহড়ায় ১৫৫ মিলিমিটার হাউইটজার কামানও অংশ নেয়। চীনা আগ্রাসনের কাল্পনিক পরিস্থিতি ধরে দ্রুত মোতায়েন ও নির্ভুল আঘাত হানার সক্ষমতা যাচাই ছিল এ মহড়ার উদ্দেশ্য।
মহড়ার কেন্দ্রবিন্দু ছিল হিমার্স ব্যবস্থা। নির্দেশ পাওয়ার তিন মিনিটের মধ্যেই মোবাইল লঞ্চারগুলো অবস্থান নিয়ে রকেট ছুড়ে দ্রুত স্থান পরিবর্তন করে, যা তাদের ‘শুট অ্যান্ড স্কুট’ কৌশলের কার্যকারিতা প্রদর্শন করে।
চীন তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি প্রদেশ হিসেবে বিবেচনা করে এবং ভবিষ্যতে দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনার কথা বলে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও বলপ্রয়োগে দ্বীপটির অবস্থান পরিবর্তনের বিরোধিতা করে এবং তার অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী।
গত ডিসেম্বরে তাইওয়ানের কাছে আরও ৮২টি হিমার্স বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছিল ওয়াশিংটন। তবে গত মাসে বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর সেই অস্ত্রচুক্তির অগ্রগতি আপাতত স্থগিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।