ইরানের আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার ২২টি দেশ। বৃহস্পতিবার (১১ জুন) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলো ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায় হত্যাকাণ্ড, অপহরণ এবং অন্যান্য ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলে।
বিবৃতিতে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), কুদস ফোর্স এবং গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয় বিদেশে অবস্থানরত ইরানি ভিন্নমতাবলম্বী, সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দেশগুলো বলেছে, নিজেদের নাগরিক ও ভূখণ্ডকে এ ধরনের হুমকি থেকে রক্ষা করতে তারা ঐক্যবদ্ধ।
২২ দেশ আরও দাবি করেছে, আন্তর্জাতিক ও স্থানীয় অপরাধী চক্রের সঙ্গে ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং এসব গোষ্ঠীকে ব্যবহার করা অত্যন্ত নিন্দনীয়।
বিবৃতিতে বলা হয়, কোনো দেশের ভূখণ্ডে হত্যা, অপহরণ, হয়রানি, ভয়ভীতি প্রদর্শন বা অন্য যেকোনো ধরনের আগ্রাসী তৎপরতা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন-নীতির লঙ্ঘন। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে দেশগুলো এ ধরনের হুমকি মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেনসহ মোট ২২টি দেশ।