পাকিস্তানে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২২

পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর সব আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) যাত্রার কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে।

দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং এতে থাকা ২২ জন আরোহীর সবাই নিহত হয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে প্রকৃত কারণ জানতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত এমআই-১৭ হেলিকপ্টার পাকিস্তান সেনাবাহিনীর বহরে বহুল ব্যবহৃত একটি পরিবহন আকাশযান। এটি প্রায় ৩০ জন সেনাসদস্য বা চার হাজার কেজি পর্যন্ত মালামাল বহনে সক্ষম।

উল্লেখ্য, গত বছর গিলগিত-বালতিস্তানের দিয়ামের জেলায় একই মডেলের একটি সেনা হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হলে পাঁচজন নিহত হন।