মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই বাজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুমোদিত এই বাজেট আজ বিকেলে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ইতিহাসে ৫৫তম বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রীর প্রথম বাজেট উপস্থাপন। বাজেট পেশের সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে উপস্থিত থাকবেন।

প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। সেই হিসেবে প্রস্তাবিত বাজেটে আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। সরকারের বিশাল এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ও বৈদেশিক- উভয় উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বাজেট প্রস্তাবনা অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

সাংবিধানিক ও আইনি প্রক্রিয়া অনুযায়ী, সংসদে উত্থাপনের আগে মন্ত্রিসভায় অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এতে সম্মতি জানিয়ে স্বাক্ষর করবেন। নতুন এই অর্থবছর আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।