কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র ছুরিকাঘাতে মো. হৃদয় নামে এক সিএনজিজালিত অটোরিতশার চালক নিহত হয়েছেন। উপজেলার ধোড়করা বাজারে বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. হৃদয় (২৪) শাকতলা গ্রামের মৃত হেদায়েতুল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু রাকিব জানান, রাত ৮টার দিকে ধোড়করা বাজারের পূর্ব পাশে একটি দোকান থেকে তেল নিতে গেলে শাকতলা গ্রামের আসিফ ও বাদশার মোটরসাইকেলের সঙ্গে ঘোষতল গ্রামের কয়েকজনের মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর ঘোষতল গ্রামের প্রান্তের ডাকে তিনটি মোটরসাইকেলে করে রাজিব, রিফাত, প্রান্তসহ আরও পাঁচ যুবক বাজারে এসে অবস্থান নেয়। একপর্যায়ে তারা ওয়াসিমের গ্যারেজের সামনে শাকতলা গ্রামের কয়েকজনকে মারধর করে। এ সময় গ্যারেজের পাশে দাঁড়িয়ে থাকা অটো চালক হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই ফারুক হোসেন বলেন, আমার ভাই সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করত। সেদিন সন্ধ্যায় চা খাওয়ার জন্য আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে বের হয়েছিল। পরে লোকজনের মাধ্যমে জানতে পারি, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।