হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা করল সৌদি আরব

২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের দক্ষতা ও সুশৃঙ্খলতার ভূয়সী প্রশংসা করেছেন সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ।

বুধবার সৌদি আরবের রিয়াদে ‘দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে’ বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই প্রশংসা ও অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের এই সফলতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সৌদি হজমন্ত্রী।

তিনি বলেন, এ বছর বাংলাদেশি হজযাত্রীদের সেবায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যে দক্ষতা, দায়িত্বশীলতা এবং দূরদর্শিতার পরিচয় দিয়েছে, তা প্রশংসার দাবিদার।

বৈঠকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রী আগামী বছর হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব করতে সৌদি সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি ভবিষ্যতে হজ ব্যবস্থাপনার আরও উন্নয়নে বাংলাদেশের অভিজ্ঞতা ও সহযোগিতা কামনা করেন।

এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) পবিত্র হজের সার্বিক ব্যবস্থাপনায় অভূতপূর্ব উন্নয়ন, আধুনিকায়ন এবং হাজিদের সেবার মানোন্নয়নের জন্য সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বিশেষভাবে হজযাত্রীদের নিরাপত্তা, স্মার্ট ভিড় ব্যবস্থাপনা, পরিবহন সমন্বয়, তথ্য-প্রযুক্তির কার্যকর ব্যবহার, মাশায়ের অঞ্চলে সেবার সম্প্রসারণ এবং সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করেন।

বৈঠকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম এবং উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।